ছবি: প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে স্থানীয় এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক বর্তমানে পলাতক রয়েছেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা নাগেশ্বরী থানায় একটি মামলা করেছেন। অভিযুক্ত ওমর ফারুক (৪০) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটিনাওডাঙ্গা তালেপেরহাট গ্রামের মৃত বুজুর আলীর ছেলে। তিনি আনছারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তালেপেরহাট সৃষ্টি পাবলিক মডেল স্কুলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ রাতে ওই শিক্ষার্থীকে কৌশলে নিজ বাড়িতে নিয়ে যান শিক্ষক ওমর ফারুক। পরে সেখানে তাকে অনৈতিক আচরণ ও বলাৎকারের অভিযোগ ওঠে। ঘটনার পর ভোরের দিকে শিক্ষার্থীকে স্কুলের আবাসিকে রেখে শিক্ষক সেখান থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে অসুস্থ অবস্থায় শিক্ষার্থী পরিবারকে বিষয়টি জানায় এবং তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, এর আগেও তার বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ শোনা গেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, মামলা তুলে নিতে তাদের ওপর চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
স্থানীয় এক শিক্ষক জানান, একজন শিক্ষকের এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। দ্রুত তাকে আইনের আওতায় আনা উচিত।
নাগেশ্বরী থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :